আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান

আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছিলো ইরান। তেহরানের দেয়া এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার জন্য ইরান অপেক্ষা করবে বলে জানিয়েছে। শনিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর বিবিসি।

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানের এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরান মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে বলেই তারা দ্রুত এই চুক্তি করতে চাইছে। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখান দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে। ফলে তিনি তেহরানের প্রস্তাব নাকচ করে দিচ্ছেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আব্বাস আরাঘচি বলেন, ট্রাম্প যেমন অনেক ভালো কথা বলেন, তেমনি ঘন ঘন পরস্পরবিরোধী বক্তব্যও দিয়ে থাকেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পরই ইরান পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনি জানান, গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মেনেই এই প্রস্তাব দেয়া হয়েছিল।

এদিকে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী ওমান সংকট সমাধানে সব পক্ষকে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিক অবরোধের কারণে ইরান মারাত্মক চাপে রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার চীন আগের মতোই এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কেনা অব্যাহত রাখলে মার্কিন চাপের কার্যকারিতা সীমিত হয়ে পড়তে পারে।