আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ভারতের জার্সিতে শুধু ওয়ানডে ফরম্যাটেই দেখা যায় তাকে। এবার ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন এই কিংবদন্তি ব্যাটার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ টুর্নামেন্ট। গতকাল জিওস্টারকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার জন্য ভারতের হয়ে খেলা এটিই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, এজন্য যা করা প্রয়োজন, আমি করতে পুরোপুরি প্রস্তুত।’
ওয়ানডে বিশ্বকাপকে মূল্যায়ন করতে গিয়ে কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’ দীর্ঘদিন ধরে কোহলির ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা হচ্ছিলো। এ বছরের মে মাসে আরসিবির পডকাস্টে তিনি বলেছিলেন, দলে নিজের মূল্য প্রমাণ করার প্রয়োজন না হলেই কেবল ২০২৭ বিশ্বকাপ খেলার কথা ভাববেন। তবে শনিবারের সাক্ষাৎকারে সেই দ্বিধা কাটিয়ে সরাসরি নিশ্চিত করলেন নিজের শেষ বিশ্বকাপের কথা। ওয়ানডেতে রেকর্ড ৫৪টি সেঞ্চুরির মালিক ৩৭ বছর বয়সী কোহলির সংগ্রহে আছে ১৪ হাজার ৯৪১ রান, যা শচীন টেন্ডুলকারের (১৮,৪২৬ রান) পরই সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ১৭তম বছরে পা রাখা এই তারকা ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। আর সবশেষ ২০২৩ সালের ফাইনালে হারেন অস্ট্রেলিয়ার কাছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৭ সালের এই আসরটি হবে তার পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কোহলি বলেন বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা-মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেয়া।’ ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন কোহলি। ৩৭ ইনিংসে ৫৯.৮৩ গড়ে করেন ১,৭৯৫ রান। সেঞ্চুরি ৫টি, ফিফটি ১২টি। বিশ্বকাপে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের (২২৭৮) রেকর্ড ভাঙতে আর ৪৮৪ রান চাই কোহলির। দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতের ওয়ানডে দলের সঙ্গে আছেন কোহলি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তার নিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে আছেন কোহলি। আগামীকাল তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
