দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ১১টিতে মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে গত জুনে আট সিটি করপোরেশনে প্রার্থী ঠিক করেছিল দলটি। পরবর্তীতে আরও তিন সিটিতে প্রার্থী নির্ধারণ করা হয়। তবে কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। এসব এলাকায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
জামায়াত সূত্র জানায়, গত ১১ আগস্ট দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করা হয়। তিনি রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর। ৪ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম তার নাম ঘোষণা করেন।
এর আগে প্রায় দুই মাস আগে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। শহীদুল্লাহ কায়সার জানান, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ময়মনসিংহ সফরে গিয়ে শুরা বৈঠক ডেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এর আগে গত ২২ জুন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছিল।
জামায়াত সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) প্রার্থী হচ্ছেন।
অন্য সিটিগুলোতে প্রাথমিকভাবে মনোনীতরা হলেনÑচট্টগ্রামে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খান, খুলনায় মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ আবদুল জব্বার।
১১ সিটিতে প্রার্থী প্রাথমিকভাবে ঠিক করা হলেও এখনো এটিকে চূড়ান্ত তালিকা হিসেবে দেখছে না জামায়াত। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর স্থানীয় সরকার নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জামায়াত। দুটি সিটিতে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের বিষয়ে আরও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেয়া হবে।
কুমিল্লায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন।
অন্যদিকে বগুড়া সিটি করপোরেশনে সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস আ খ ম আব্দুল মালেক ও শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেলের নাম আলোচনায় রয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, স্থানীয়ভাবে ১১ সিটি করপোরেশনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো প্রার্থীই চূড়ান্ত নন।
