নানা আয়োজনে শুরু হচ্ছে ‘ছোটকাকু উৎসব’

নানা আয়োজনে শুরু হচ্ছে ‘ছোটকাকু উৎসব’

ফন্ট সাইজ:

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে ঘিরে শুরু হতে যাচ্ছে ‘ছোটকাকু উৎসব-২০২৬’। আগামী ২৮ ও ২৯শে সেপ্টেম্বর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের এই আনন্দোৎসব। এ উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর, ছোটকাকুর অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, ছোটকাকু সিরিজের অভিনেতা তারিক আনাম খান ও কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকু দীর্ঘদিন ধরে রহস্য ও কৌতূহল ও অভিযানের গল্প নিয়ে শিশু-কিশোরদের আনন্দ দিয়ে আসছে। ছোটকাকুর গল্প প্রকাশ হয়েছে ৩৮টি। এর মধ্যে ২৫টি গল্প অবলম্বনে তৈরি হয়েছে টেলিভিশন সিরিজ নাটক, যার পর্ব সংখ্যা ২০০। এ দীর্ঘ অভিযাত্রাকে উদ্‌যাপনের জন্য এই বিশেষ আয়োজন ‘ছোটকাকু উৎসব’। উৎসবের প্রথম দিন ছোটকাকু ক্যাফেতে রহস্য, কৌতূহল ও সৃজনশীলতা বিষয়ে কথা বলবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সাদাত হোসাইন, মোজাফফর হোসেন, অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, অপি করিম, তাসনিয়া ফারিণ ও কাজী নওশাবা আহমেদ। দ্বিতীয় দিন ছোটকাকু ক্যাফেতে উপস্থিত থাকবেন- লেখক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও ছোটকাকুর দল। এ উৎসব উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনেই নতুন আঙ্গিকে ছোটকাকু সিরিজের ১০টি বাংলা ও ৪টি ইংরেজি বইয়ের অনুবাদ প্রকাশ হয়। ছোটকাকু সিরিজের লেখক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ছোটকাকু’ সিরিজের দীর্ঘ যাত্রা উপলক্ষে এ দু’দিনের উৎসব হতে চলেছে।

আমি বিশ্বাস করি, ছোটদের জন্য খুব উপভোগ হবে উৎসবটি। এ ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখতে চাই। এদিকে আফজাল হোসেন বলেন, শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করার জন্য সংস্কৃতির বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির মাধ্যমেই আগামী প্রজন্ম বেড়ে উঠতে পারলেই আমরা একটি সুস্থ ও স্বাভাবিক সমাজ পাবো। ‘ছোটকাকু’র মতো সিরিজ এক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে। আমি মনে করি শিশু-কিশোরদের যত সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি মনোনিবেশ করানো যায় ততই উজ্জ্বল হবে তাদের ভবিষ্যৎ।