আত্মপ্রকাশের দিন চমকে দিলো ‘এবি কিং’

আত্মপ্রকাশের দিন চমকে দিলো ‘এবি কিং’

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রথম স্টেজ শো’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছে সংগীত পরিচালক ও গায়ক এস আই টুটুলের উদ্যোগে গড়ে ওঠা নতুন ব্যান্ড ‘এবি কিং’। গত ১৯শে সেপ্টেম্বর হিউস্টনের নয়না সেন্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত ফান্ডরাইজিং অনুষ্ঠানে ব্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা অনুদান সংগ্রহ করে চমকে দেয়।

সংগৃহীত অর্থ ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক প্রকল্পে ব্যয় করা হবে। নিজের নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ প্রসঙ্গে এস আই টুটুল বলেন, আমি এখন জীবনের এক শেষ ধাপে রয়েছি। দর্শকদের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। আল্লাহ্‌র প্রতি শুকরিয়া। এখন এই শেষ সময়ে আমি এমন একটি প্ল্যাটফরম গড়তে চাই যা সবার হবে। আমি মারা গেলেও ‘এবি কিং’ কেউ না কেউ চালিয়ে নিতে পারবে।

আরেকটি বিষয় পরিষ্কার করে দেয়া দরকার, তা হলো এবি কিং কখনোই এলআরবি’র রিপ্লেসমেন্ট না। অনুষ্ঠানে এলআরবি’র গান, ফেরদৌস ওয়াহিদের ‘এমন একটা মা দে না’ এবং এস আই টুটুলের জনপ্রিয় গান পরিবেশন করে ব্যান্ডটি। এ ছাড়া, ইংরেজি কাভার গানও পরিবেশন করেন ব্যান্ডের সদস্য ইফতি। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া লিটন উপস্থিত থেকে ব্যান্ডটির সাফল্য কামনা করেন।