গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশার মা। পাঁচদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা চলছে তার। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিশা। গতকাল ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান অভিনেত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের ছবি প্রকাশ করে আকুতির সঙ্গে তিনি লেখেন, দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
চারদিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের কঠিন সময়ের কথা জানিয়ে তিশা আরও লেখেন, এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, আল্লাহ্ যেন তার মা’কে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন, হৃদযন্ত্র হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন। তিশার এই আবেগঘন পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন অনেকে।
