রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সায়েন্সল্যাব মোড়ে বাবা ও মেয়ে এবং তেজগাঁওয় এলাকায় অটোরিকশা উল্টে চালক ও যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।
রাত ৯টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। মেয়ে সিথিকে(২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হারুনুর রশিদ সানি নামের একজন ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন।
সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনুর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
