বিসিবি’র নয়া টুর্নামেন্টে আসছে ওয়ালটন

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ফরম্যাটকে এক কাঠামোর অধীনে এনে ছয় দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্টের দলের স্বত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বিসিবি’র বিজ্ঞপ্তির ভিত্তিতে নথিপত্র জমা দিতে গতকাল বিসিবিতে আসে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল। টেন্ডারের শর্ত মেনে বিসিবি কার্যালয়ে কাগজপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নথিপত্র জমা দেয়ার পর ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার ধারাবাহিকতায় টুর্নামেন্টের দলের জন্য আগ্রহ প্রকাশ করেছে ওয়ালটন। প্রায় ১৬-১৭ বছর ধরে আমরা স্পোর্টসের সঙ্গে আছি। শুধু ক্রিকেট নয়, বাংলাদেশে প্রায় ৫৬-৫৭টি ফেডারেশনের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রয়েছে। ওয়ালটন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ক্রিকেট ও খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

মিলটন বলেন, ‘টিকিটিং ও ব্রডকাস্টিং থেকে বিসিবির যে আয় হবে, তার ৫০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলো লভ্যাংশ হিসেবে পাবে এবং বাকি ৫০ শতাংশ বোর্ডের থাকবে।’ বিপিএল আয়োজন না হওয়ায় এই আসর ঘিরে দর্শকদের ভিড় বাড়বে বলে মনে করেন মিলটন। বিদেশের ক্রিকেটারদের উপস্থিতি না থাকলেও দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে মাঠে নামবেন। বোর্ডের আয়ের ভাগ পাওয়ার নিশ্চয়তা দলগুলোর জন্য অংশীদারিত্ব তৈরি করবে। এছাড়াও বরিশাল, খুলনা ও বগুড়ার ভেন্যুতে খেলা হলে গ্যালারিতে দর্শক মিলবে বলে আশাবাদ জানান তিনি। এর আগে বাংলাদেশ ক্রিকেট লীগে ওয়ালটন সেন্ট্রাল জোনের দল পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। ওয়ানডে সংস্করণের শিরোপা জয়ের সময় দলটিতে খেলেছিলেন সাকিব আল হাসান।