পাকিস্তানের হামলায় নিহত ৪, বদলা নেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

পাকিস্তানের হামলায় নিহত ৪, বদলা নেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

ফন্ট সাইজ:

আফগানিস্তানের ১০টি জায়গায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অতর্কিত হামলা চালিয়েছে পাক বাহিনী। ইসলামাবাদের নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র বলেছেন, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেই সঙ্গে তিনি এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কান্দাহার, পাকতিয়া এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়ে পাক বাহিনী।

কান্দাহার শহরের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্রথমে আমরা একটি যুদ্ধবিমানের শব্দ শুনতে পাই, এরপরেই বিকট বিস্ফোরণ ঘটে।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেছেন, আফগানিস্তানে বিমান হামলাগুলো ছিল পরিকল্পিত, সুনির্দিষ্ট ও আনুপাতিক এবং ইসলামাবাদের বিরুদ্ধে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চিহ্নিত লক্ষ্যবস্তু।

এর আগে বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানে আটটি ড্রোন ছোড়া হয় বলে অভিযোগ করে পাক নিরাপত্তা বাহিনী। যদিও ড্রোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে আফগান সরকার।

এই হামলার কড়া নিন্দা জানিয়ে আত্তাউল্লাহ বলেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসনমূলক কাজ।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিমাণ বেশ বেড়েছে। এনিয়ে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা চলছে।

দেশের মধ্যে বিভিন্ন প্রাণঘাতী হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। দেশটির অভিযোগ, সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আফগানিস্তান এসব হামলা চালাতে সাহায্য করেছে।

তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আফগান সরকার। দেশটির দাবি, নিজেদের নিরাপত্তার ব্যর্থতা ঢাকতে পাকিস্তান কাবুলকে দোষারোপ করছে।