আজাদ জম্মু-কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ নাজিব নাকি। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) মনোনীত নাজিব নাকি ৫ বছর মেয়াদে সেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মনোনীত প্রার্থী চৌধুরী লতিফ আকবরকে পরাজিত করে জয় নিশ্চিত করেন। আজাদ জম্মু কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব নাকি ৩২ ভোট পান। এর মধ্যে আছে পিএমএলএনের আইন প্রণেতাদের ৩১ ভোট এবং জম্মু কাশ্মীর আওয়ামী দাস্ত-ও-বাজু দলের একজন আইন প্রণেতার ভোট।
অন্যদিকে পিপিপির প্রার্থী লতিফ আকবর পেয়েছেন ১৩ ভোট। ব্যারিস্টার সুলতান মাহমুদের মৃত্যুর পর জানুয়ারি থেকে সাংবিধানিক এই পদটি শূন্য ছিল। আজাদ জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা ৪৬। তার মধ্যে ৩১ জন আইন প্রণেতা পিএমএলএনের। এর বাইরে আছেন স্পিকার চৌধুরী তারিক ফারুক। অন্যদিকে পিপিপির আছে ১৪ আসন। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত সেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাকি। পরে পিএমএলএন সরকারের সময়ে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত একই দায়িত্বে ছিলেন।
