বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামস্থ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। এ লক্ষ্যে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে এবং সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
এ বিষয়ে গত মঙ্গলবার ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’র পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মে ২০২৭ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে অধিকাংশ একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির পাঠদান এবং ওই সেমিস্টারে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে পূর্ব থেকে অধ্যয়নরত মাস্টার্স শিক্ষার্থীদের ক্লাস ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে চলবে।
স্থানান্তর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অনুষদ ও দপ্তরের জনবল, শ্রেণিকক্ষ ও অফিস সরঞ্জাম এবং অন্যান্য স্থায়ী সম্পদ ধাপে ধাপে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে নেয়া হবে। সময়সাপেক্ষ সম্পদ, বিশেষ করে গবেষণাগারের স্থানান্তরের জন্যও পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট অনুষদগুলোকে ৪ঠা অক্টোবর ২০২৬-এর মধ্যে নিজ নিজ স্থানান্তর পরিকল্পনা ও প্রস্তুতিমূলক প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও স্থায়ী সম্পদ স্থানান্তর, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সামগ্রী চিহ্নিতকরণ এবং স্থায়ী ক্যাম্পাসে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অবশেষে স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি
বিএমইউ সংবাদদাতা
অনলাইন
৫৫ মিনিট আগে
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৮ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
