সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির কূটনীতি ও পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ নানা বিষয় রয়েছে তার আলোচনার তালিকায়। তবে বিশ্বনেতাদের এই গুরুত্বপূর্ণ সমাবেশে মঞ্চে ওঠার আগে তাকে দেখা গেল একেবারেই ‘সাধারণ’ একটি কাজ করতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সাধারণ পরিষদের হলের ভেতরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় আল-শারা নিজের মোবাইল ফোনে ছোট ভিডিও, যা ‘রিলস’ নামে বেশি পরিচিত, দেখছেন।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত থাকা এই নেতা রিলস শেয়ারও করছিলেন। তবে ভাইরাল ভিডিওটি থেকে তিনি কারও সঙ্গে বার্তা আদান-প্রদান করছিলেন কিনা কিংবা ঠিক কী দেখছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
আল-শারার এই কর্মকাণ্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, হ্যাঁ, তিনি আমাদেরই মতো। তিনি আমাদের মতো একজন মিলেনিয়াল। আমি সেখানে থাকলে আমিও ডুমস্ক্রল করতাম যদি কোনো বিরক্তিকর বক্তৃতা শুনতে হতো। কারণ দিন শেষে প্রতিটি দেশই নিজেদের সমস্যায় ফিরে যাবে।
আরেকজন লিখেছেন, ওই কক্ষে সবচেয়ে বেশি যার সঙ্গে নিজেদের মিল পাওয়া যাচ্ছে, সে-ই একসময় আল-কায়েদার সদস্য ছিল এবং মানুষকে শিরশ্ছেদ করেছিল।
