আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এসব কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আশরাফুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সেই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে রাখতে বলা হয়েছে। তাদের মধ্যে একজন হবেন নারী।
চিঠিতে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে ৯৮টি কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ে বিভিন্ন কমিটি রয়েছে। অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হয়েছে। আবার কিছু কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে বলে ওই চিঠিতে বলা হয়।
