যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার ড. খলিলুর রহমানের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাম্পের সঙ্গে তার মতবিনিময়ের একটি ছবি পোস্ট করে লেখা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত মতবিনিময়।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ২ জুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৯৯ ভোট পেয়ে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় বিকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।
