বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে মুখপাত্র রনধীর জয়সোয়াল বলেছেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত।
তিনি আরও বলেছেন, ভারত প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে দ্বিপাক্ষিক বিষয়গুলো সমাধানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তার অবস্থান ধারাবাহিকভাবে বজায় রেখেছে।
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বর্তমানে এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কের উন্নতির ইঙ্গিত কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল পুনর্ব্যক্ত করেছেন যে, “আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই।”
তিনি জানিয়েছেন,২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশগ্রহণকারী সাতটি বিদেশি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই মাসে বাংলাদেশি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। গত সপ্তাহে ত্রিবেদী শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় হাই কমিশন সুত্রে জানানো হয়েছে, এই বৈঠকটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী জনসম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী বন্ধনকে তুলে ধরেছে। ত্রিবেদী বিমান সংযোগ এবং বিমান কার্গো ক্ষমতা উন্নত করার বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গেও আলোচনা করেন। তিনি পানিসম্পদ মন্ত্রী শফিকুদ্দিন চৌধুরী এ্যানী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
অনলাইন
৫৩ মিনিট আগে
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
