কেরানীগঞ্জে গুলি-ককটেল ফাটিয়ে ২৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে গুলি করে ও ককটেল ফাটিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের ২৫ ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর চন্দ্র (২৫) ও রাজীব চন্দ্র পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। গত সোমবার রাতে মডেল থানার হযরতপুরের মাতবর নগর মোড়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার আটিপাড়া গ্রামের নিতাই চন্দ্রের হযরতপুর বাজারে ঋতু নামক একটি জুয়েলারি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে নিতাই চন্দ্র, ছেলে অন্তর চন্দ্র ও ভাগ্নে রাজীব চন্দ্র দোকানের ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে অটো রিকশাযোগে আটিপাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন।

তাদের অটোরিকশাটি হযরতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাদবর নগর মোড়ে এলে দুইটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৫ জন দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তাদের অটোরিকশা থেকে নামিয়ে পিস্তল দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে অন্তর ও রাজীব পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। দুর্বৃত্তরা এ সময় ব্যাগে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস বলেন, গুলিবিদ্ধ অন্তর ও রাজীব শংকা মুক্ত। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হবে। দুর্বৃত্তদের নাম-পরিচয় জানতে গোয়েন্দা তদারকি অব্যাহত রয়েছে।