সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার চৌদ্দরশি গ্রামে পিতার পারিবারিক কবরস্থানে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মরিয়ম খাতুনকে দাফন করা হয়। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়মের মরদেহ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সড়কপথে গাবুরায় পৌঁছায়। এর আগে স্থানীয়ভাবে তার দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়। পরে মরদেহ গোসল করানো ও জানাজা শেষে রাত ১ টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফনের সময় মরিয়মের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যরাও সেখানে ছিলেন। এদিকে, মরিয়মের মৃত্যুর ঘটনায় এখনো বিভিন্ন প্রশ্নের উত্তর মেলেনি বলে দাবি করেছেন তার স্বজনেরা। তারা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ্ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। মামলার পর নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
