জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গোপন সংবাদে বিজিবি জানতে পারে, ভারতে পাচারের উদ্দেশ্যে আক্কেলপুরে একটি চক্র কষ্টিপাথরের মূর্তি মজুত করেছে। এই তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির একটি যৌথ টহলদল আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়।
এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে। আটককৃত চারজন হলো, আক্কেলপুর সদরের হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের কামাল হোসেন (৬০)। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তি ও আটক আসামিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
