মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

ফন্ট সাইজ:

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর নিজ বিভাগের সদস্যদের অভিযানে আটক হন তিনি। পরে ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হলে আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করে।
সোমবার বরগুনার জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করা হলে তার শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে রোববার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল হোসেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার বাসিন্দা। তিনি বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তিনি বরগুনায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র আরও জানায়, রবিবার রুবেল হোসেন ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বরগুনায় আসছেন এমন তথ্য পেয়ে বেতাগীর চান্দখালী বাজারের কিছুটা সামনে চেকপোস্ট বসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সেখানে রুবেলকে থামানোর চেষ্টা করলে তিনি একটি সরু গলি দিয়ে পালিয়ে যান। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। তবে আটকের সময় রুবেলের সঙ্গে থাকা একটি ছোট ব্যাগ পাওয়া যায়নি। ওই ব্যাগে মাদক ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তিনি নিজের ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে অধিদপ্তর।

বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল রুবেল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। যাচাই বাছাই করে আমরা তথ্যের সত্যতা নিশ্চিত হই। রবিবারও তথ্য ছিল তিনি ঢাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে বরগুনায় আসছেন। এ কারণে আমরা চেকপোস্ট বসাই। রুবেলকে একটি ছোট ব্যাগসহ আটকের চেষ্টা করা হলে তিনি একটি সরু গলি দিয়ে পালিয়ে যান। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তবে তার কাছে ব্যাগটি পাওয়া যায়নি এবং জিজ্ঞাসাবাদেও তিনি ব্যাগটির বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। পরে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হলে তাকে আদালতে সোপর্দ করা হয়।