দলগুলোর সঙ্গে ইসি’র সংলাপ স্থগিত

স্থানীয় নির্বাচন

দলগুলোর সঙ্গে ইসি’র সংলাপ স্থগিত

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। তিন ধাপে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসি। মঙ্গলবার ইসি’র জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ২৩, ২৪ ও ২৫শে সেপ্টেম্বর তিন ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তুতি নেয়া হয়েছিল। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোটের প্রস্তুতি, নির্বাচনী পরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার কথা ছিল। এ জন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সংলাপের প্রস্তুতিও নেয়া হয়েছিল। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক পরিকল্পনা নিয়ে কমিশনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ায় নির্ধারিত সংলাপ স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের তারিখ নির্ধারণ করা হবে।

ইসি’র জনসংযোগ শাখার পরিচালক মো. আবদুল মমিন সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে আবার ব্যবস্থা নেয়া হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনাতেও পরিবর্তন এসেছে। জানা গেছে, চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা ছিল ইসি’র। সে অনুযায়ী প্রস্তুতিও চলছিল। তবে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসবের সময়সূচি বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় পরিবর্তন আনার বিষয়টি সামনে আসে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও আলোচনা হয়েছে। এরপর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নির্বাচনের তফসিল, ভোটগ্রহণের সময় এবং ধাপে ধাপে নির্বাচন আয়োজনের বিষয়গুলো নিয়ে কমিশনের মধ্যে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে কমিশন। তবে সংলাপের নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।