পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর কার্যালয়ের সামনে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, আমরা সরকারে আসছি ছয় মাসও যায়নি, এখনো মনে করতে পারেন আমরা বোধহয় ঘরে বসে আছি।
আমরা ঘরে বসে নেই। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যখনই কোনো নৈরাজ্য সৃষ্টি করা হবে, তখনই আমরা রাজপথে নেমে মোকাবিলার জন্য সচেষ্ট আছি। তিনি বলেন, ফ্যাসিস্ট ফ্যাসিস্টই। ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট আর কোনোদিনই ফেরত আসবে না। দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা রাজপথেই থাকবো। ফয়জুল করিম ময়ূন বলেন, জনগণের শক্তির ওপর বিএনপি রাজনীতি করে। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদের সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন এমন স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, থাকবো। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, দেশের বিরুদ্ধে যারা অস্থিতিশীল করতে ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি’র ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট।
তিনি বলেন আমরা বিগত ১৭ বছর নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ সবাইকে আমরা এককভাবে মোকাবিলা করেছি। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন যেভাবে মাঠে রয়েছে এদেরকে মোকাবিলা করার জন্য আমাদের কোনো ধরনের চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখি না। মিছিলে অংশ নেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন পারভেজ, আবিদুর রহমান, জামাল আহমদ, জুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সোহাগ আহমেদ, আবদুল্লাহ আল মাহফুজ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাবের আহমেদ, জুনেদ আহমেদ, মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, সদস্য সচিব সুলতান আহমদ টিপু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেছার তালুকদার সামি, মকলেছুর রহমান প্রমুখ।
