কুষ্টিয়ার দৌলতপুরে এক মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নগদ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাঙ্গগাড়ী মাঠের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ছিনতাইয়ের শিকার খবিরুল হোসেন (৪৫) একই ইউনিয়নের গরুড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে মাছ কেনার জন্য ভ্যান নিয়ে মেহেরপুরের গাংনী বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ী খবিরুল। পথেমধ্যে ব্যাঙ্গগাড়ী মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ৪ জন সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় খবিরুল কিছু বুঝে ওঠার আগেই তাকে জোরপূর্বক রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে ছিনতাইকারীরা। পরে তাকে লাঠি দিয়ে মারধর করে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত খবিরুল হোসেন জানান, মঙ্গলবার ভোরে ৪ জন সশস্ত্র ছিনতাইকারী তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
