মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার দুর্গম আলোকদিয়া চরে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসংলগ্ন এলাকায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ৭ ও ৮ নম্বর টাওয়ারের আশপাশে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার সরজমিন দেখা যায়, জাতীয় গ্রিডের ৭ ও ৮ নম্বর টাওয়ারের কাছে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অন্তত ১০টি ড্রেজার দিয়ে তলদেশ থেকে বালু তোলা হচ্ছে। একইসঙ্গে শতাধিক বাল্কহেডে করে উত্তোলিত বালু বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের অভিযোগ, দুর্গমতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে।
বালু উত্তোলনের স্থানে শাহ আলম বাহিনী নামে একটি চক্র পাহারা দেয় বলেও অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের আরও অভিযোগ, আদালতের নির্দেশনার পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। জাতীয় গ্রিডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি ড্রেজার চলায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
