রাজউকে ২৪ দিনের মধ্যে যেন প্ল্যান পাস হয় সে চেষ্টা করছি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ফন্ট সাইজ:

গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন তাড়াতাড়ি সেবা পায় এজন্য গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা প্রচুর পরিমাণ ডিজিটালাইজেশনে যাচ্ছি। চেষ্টা করছি যেন ২৪ দিনের মধ্যে প্ল্যান পাস হয়। রাজউকের দুর্নীতি দমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের রাজউকের চেয়ে এখনকার রাজউক অনেক বেশি ভালো হবে। গতকাল বিকালে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব প্রমুখ। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত কোয়ার্টার পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।