পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ও ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। তিনি দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আনোয়ার সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় পাবনার থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
