পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক বাবু হোসেন ও ট্রলির হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। নিহত তোরাব ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভূট্টাভর্তি শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল।
এদিকে ভ্যানে এক নারী যাত্রীকে ধরইল ব্রিজ এলাকায় নামিয়ে তোরাব যাওয়ার পথে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তোরাব শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। ট্রলিচালক ও হেলপারও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তোরাবকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, আইনগত প্রক্রিয়া চলমান।
