বিএনপি কার্যালয় ভাঙচুর ও খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। গত সোমবার রাতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফুলগাজী থানা পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, গত রোববার রাতে উপজেলার ঘনিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা। পরে ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপি’র দলীয় কার্যালয় ভাঙচুর, তৎকালীন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর গত সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৭ই নভেম্বর আব্দুল কাদের জিলানী নামে দরবারপুরের এক বিএনপি নেতা বাদী হয়ে ফুলগাজী থানায় এ মামলা করেন। মামলায় ১৫৮ জন এজাহারনামীয় ও আরও ১৫০-২৫০ জন অজ্ঞাত আসামি রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী আব্দুল কাদের জিলানী বলেন, এই মামলায় গ্রেপ্তার জামালকে আমি চিনি না। তার বাড়ি কোথায়? আমি তাকে দেখিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ‘হাজী জামাল’ নামে পরিচিত জামাল উদ্দিন ঘনিয়ামোড়া এলাকার মৃত ননু মিয়ার ছেলে। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার আগে হাজী জামাল উদ্দিন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।