৮ বছর পর উখিয়ার জসিমের সন্ধান, পরিবারের কাছে ফিরলেন পঞ্চগড়ে

ফন্ট সাইজ:

২০১৮ সালে মানসিক ভারসাম্য হারিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। দীর্ঘ আট বছর ধরে স্বজনরা বিভিন্নভাবে খুঁজেও তার সন্ধান পাননি। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও’র মাধ্যমে তার সন্ধান মিলেছে। পরে কক্সবাজার থেকে পঞ্চগড়ে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা জসিমকে ফিরে পেয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় পরিবারের তিন সদস্যের সঙ্গে জসিমের পুনর্মিলন হয়। জসিম উখিয়ার বালুখালী কাস্টমস এলাকার বাসিন্দা আবুল হোসেনের দ্বিতীয় ছেলে। জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি জানান, ২০০৭-০৮ সালের দিকে জসিম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৮ সালের দিকে তিনি নিখোঁজ হন।

এরপর দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা তাকে খুঁজেছেন। এত বছর পর ভাইয়ের সন্ধান পাবেন, তা তারা ভাবতেই পারেননি। তিনি জানান, গত রোববার ঐড়ঢ়বঘবংঃ ইউ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে জসিমকে দেখতে পান তারা। পরে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। জসিমের সন্ধান পাওয়ার পেছনে ভূমিকা রাখে ‘হোপনেস্ট বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। সংগঠনটির সঙ্গে যুক্ত রংপুরের তরুণ জয়নাল আবেদীন রাজীব সম্প্রতি বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় জসিমকে দেখতে পান। সে সময় জসিম মানসিকভাবে অসুস্থ অবস্থায় ঘুরছিলেন।

জয়নাল আবেদীন রাজীব জানান, জসিম নিজের নাম ও বাড়ি ‘বালুখালী’ ছাড়া তেমন কোনো তথ্য দিতে পারছিলেন না। পরে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেয়া হয়। পরিবারের সন্ধান পেতে তার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। সেই ভিডিও দেখেই জসিমের পরিবারের সদস্যরা যোগাযোগ করেন। দীর্ঘ আট বছর পর স্বজনদের কাছে ফিরে আসায় উচ্ছ্বসিত জসিমের পরিবার। শিগগিরই তাকে নিয়ে উখিয়ার বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।