সচিবের ভাই পরিচয়ে ইউএনও’র কাছে লাখ টাকা দাবি

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুবিধাজনক পদে বদলি বা পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয় দিয়ে এই জালিয়াতির চেষ্টা চালান। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে অভিযুক্ত ব্যক্তি ইউএনও কার্যালয়ে প্রবেশ করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি ইউএনওকে সুবিধাজনক ও আকর্ষণীয় স্থানে পোস্টিং করিয়ে দেয়ার আশ্বাস দেন এবং এর বিনিময়ে ১ লাখ টাকা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করেন। সত্যতা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় যে, ওই ব্যক্তি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে আটক করে রামগড় থানায় সোপর্দ করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, একজন প্রতারক আমার কাছে এসে সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দিয়ে দেখা করতে আসে। এ সময় সে আমাকে ভালো জায়গায় বদলি করার প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে তার দপ্তর থেকে এক প্রতারককে আটক করা হয়েছে। প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।