খুলনার চাঞ্চল্যকর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাত (৩০)কে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ও সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। এসআরবি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
