শায়েস্তাগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের অরক্ষিত ঘরে মাদকসেবীদের আড্ডা

শায়েস্তাগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের অরক্ষিত ঘরে মাদকসেবীদের আড্ডা

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর অরক্ষিত অবস্থায় পড়ে থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে আলাপুর, বাগুনীপাড়া ও চরহামুয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘরে বরাদ্দপ্রাপ্ত উপকারভোগীরা নিয়মিত বসবাস না করায় সন্ধ্যার পর এসব স্থানে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ফাঁকা ঘর ও বারান্দাগুলোতে রাতের আঁধারে মাদকসেবীদের আড্ডা বসে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসনের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করে উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও অনেক উপকারভোগী নিয়মিত বসবাস না করায় প্রকল্পের কিছু ঘর তালাবদ্ধ বা দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাপুর আশ্রয়ণ প্রকল্পে বেশকিছু ঘর দীর্ঘ সময় ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকার অভিযোগ রয়েছে। দিনের বেলায় প্রকল্প এলাকায় স্বাভাবিক পরিবেশ থাকলেও সন্ধ্যার পর ফাঁকা ঘর ও আশপাশের নির্জন স্থানে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ফাঁকা ঘর, বারান্দা ও আশপাশের জায়গায় মাদকসেবীদের আড্ডা বসে।

বাগুনীপাড়া আশ্রয়ণ প্রকল্পেও একই ধরনের অভিযোগ রয়েছে। অন্যদিকে চরহামুয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর নিয়মিত ব্যবহর না হওয়া এবং সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষের নিরাপদ আবাসনের জন্য দেয়া হয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়ার পর কেউ সেখানে বসবাস না করলে বা ঘর অন্যের কাছে ব্যবহার করতে দিলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। একইসঙ্গে এসব ঘর অরক্ষিত থাকলে সেখানে মাদকসেবী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের আনাগোনা বাড়ার আশঙ্কা থাকে।