রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ছাত্রলীগ নেতা রিত্তিক হাসানকে (২১) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করা হয়। রিত্তিক গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রিত্তিকের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। দুপুরে উত্তরা ইউনিভার্সিটির সামনে তাকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের সহযোগিতায় রিত্তিককে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মির্জা শাকিল মানবজমিনকে বলেন, ‘রিত্তিক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১১ জুলাই কমিটি দেওয়া হয়। সে বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। আমরা তাকে আটক করতে পুলিশকে সহযোগিতা করেছি।’
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা রিত্তিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
