রাজধানীর গুলশান থেকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
