নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে কড়া নিরাপত্তা

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে কড়া নিরাপত্তা

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান। নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন।

এদিকে নিরাপত্তাজনিত কারণে জেএফকে বিমানবন্দরে কিছুটা ভিন্ন দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১ নম্বর টার্মিনালে নামলেও, স্বাগত জানানোর জন্য দুই মাইল দূরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি নেতাকর্মীদের এবং একই টার্মিনালের অপর পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে।

স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ইউএনজিএ-এর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।এছাড়া ঐ দিন সকালে জাতিসংঘ সদর দপ্ত‌রে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের জন্য স্বাগত প্রাতরাশে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ার ফিলস-আইমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।

নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এদিকে নিরাপত্তাজনিত কারণে জেএফকে বিমানবন্দরে কিছুটা ভিন্ন দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১ নম্বর টার্মিনালে নামলেও, স্বাগত জানানোর জন্য দুই মাইল দূরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি নেতাকর্মীদের এবং একই টার্মিনালের অপর পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি দেয় স্থানীয় প্রশাসন । টার্মিনাল এক এবং আটের মধ্যে দুরত্ব প্রায় দুই মাইল।