অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের হার দেখলো রিয়াল মাদ্রিদ। আর ম্যাচ শেষে রিয়াল কোচ হোসে মরিনহো সংবাদ সম্মেলনে হাজির এক টুকরো এ ফোর সাইজের কাগজ নিয়ে, যাতে প্রিন্ট করা দুটি মারাত্মক ফাউলের স্ক্রিনশট। অল হোয়াইট কোচের দাবি, প্রথমার্ধেই অ্যাটলেটিকোর দুই খেলোয়াড়ের সরাসরি লাল কার্ড পাওয়ার কথা ছিল।
ম্যাচ হারার পর স্বভাবসুলভ ঢঙেই রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মরিনহো। সংবাদ সম্মেলন শুরুতেই তিনি ছবিগুলো দেখিয়ে বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি, কারণ ম্যাচের আসল গল্প তো এখানেই রয়েছে। ওগুলো পরিষ্কার দুটি লাল কার্ড ছিল। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে ১০ জন নিয়ে লড়াই করার যে কঠিন পরিস্থিতির মুখে আমাদের পড়তে হয়, তাহলে ভাবুন ১১ জনের বিরুদ্ধে ৯ জন নিয়ে ৫০ মিনিট খেললে ম্যাচের ফল কী হতো!’
ম্যাচের ৩৭ মিনিটে জুড বেলিংহাম ও ক্রিস্টিয়ান রোমেরোর মধ্যকার একটি বল দখলের লড়াইকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ভিএআর পর্যালোচনার পর রোমেরোকে হলুদ কার্ড দেখানো হলেও মরিনহোর মতে সেটি ছিল সরাসরি লাল কার্ড পাওয়ার মতো বিপজ্জনক ফাউল। এছাড়া লি কাং-ইন কর্তৃক ফেদে ভালভার্দের ওপর করা চ্যালেঞ্জ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই ট্যাকেলে অ্যাঙ্কেল মচকে গেছে রিয়াল অধিনায়কের। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন তিনি। মরিনহো বলেন, “আমি বিশ্বাস করতে চাই এগুলো সাধারণ ভুল, ঠিক যেমন একজন কোচ বা খেলোয়াড় ভুল করে থাকেন।’
ম্যাচ হারলেও দলের খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা ও প্রতিশ্রুতির প্রশংসা করে মরিনহো শেষ পর্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে আসল বিষয় হলো কে কীভাবে শেষ করলো, কীভাবে শুরু করলো তা নয়। মৌসুমের এখনো অনেক পথ বাকি রয়েছে।’
তবে এই রেফারির সমালোচনা ভালোভাবে নেননি অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘কোচ হিসেবে আমাদের ওপর সবসময় বাড়তি জনরোষ ও জনদৃষ্টি থাকে। মরিনহো, হান্সি ফ্লিক, পেলিগ্রিনি বা আমি-যাই হোক না কেন, আমাদের বক্তব্যের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। যখন কেউ শ্রদ্ধার সীমা অতিক্রম করে, তখন তা সঠিক নয়।’ সিমিওনে দাবি করেন, রক্ষণাত্মক শৃঙ্খলা এবং দলীয় প্রচেষ্টার জোরেই তারা ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখেন।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদ (১৬) দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যেখানে টেবিল টপার বার্সেলোনার (২১) চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
