জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন আজ সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জবির দ্বিতীয় সমাবর্তন আয়োজনকে ঘিরে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। সমাবর্তনের তারিখ ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।
উপাচার্যের ঘোষণার পর এখন সমাবর্তন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের স্থান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন, পোশাক, অনুষ্ঠানসূচি, ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে বিস্তারিত জানাবে।
দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ‘সমাবর্তন একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন। আশা করি, আমরা একটি সুন্দর সমাবর্তন পেতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করা হয়। এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। পুরান ঢাকার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত ওই সমাবর্তনে তৎকালীন প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
এরপর ২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় প্রস্তুতি এগিয়ে গেলেও একই বছরের এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত আয়োজন স্থগিত হয়ে যায়।
