সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানায় স্থানীয়রা।
সোমবার সকালে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম নির্বাচনের সময় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। তার প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তারা। মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা।
এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, ‘আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলা দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।’
বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়রা বলেন, ‘মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে।
