নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে শনিবার শুরু হয় মহাদেশের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আনুষ্ঠানিক যাত্রা। সেই যাত্রার প্রথম দিনেই বাস্তবতা টের পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে খুব বাজেভাবে দিন পার করেছে লাল-সবুজের অ্যাথলেটরা। দিনটা শুরু হয় নারী হকির হারের লজ্জা দিয়ে। আগের দিন দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলের হারের পর চীনের কাছে গতকাল নারীরা পরাজিত হয় ১৩-০ গোলে। হার সত্ত্বেও প্রথমবারের মতো এশিয়াডের মূল মঞ্চে বাংলাদেশ নারী হকির পা রাখাটাই একটি মাইলফলক। গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এদিন সাঁতার, শুটিং, কারাতে ও টেবিল টেনিসেও মাঠে ছিলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে সাঁতারের নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন ৩৬.৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন। সব মিলিয়ে অংশ নেয়া ২৪ জনের মধ্যে ২৩তম হন এই সাঁতারু। সামগ্রিকভাবে রুগ্ন প্রদর্শনীর মাঝেও একমাত্র প্রাপ্তি ব্যক্তিগত সেরা টাইমিং করা।
মুক্তি খাতুনের আগের সেরা টাইমিং ছিল ৩৬.৬৫ সেকেন্ড। শুটিংয়ে নারীদের ১০ মিটার এয়ার রাইফেল এককের লড়াইয়ে অংশ নেয়া বাংলাদেশের তিন শুটারই বাছাই থেকে ছিটকে গেছেন। ইভেন্টের প্রাথমিক পর্বে অংশ নেয়া ৫৫ প্রতিযোগীর মধ্যে সাফা বিন সাহিদ ৬২১ স্কোর করে ৩৮তম, সাজিদা হক ৬২০.৬ স্কোর করে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯.১ স্কোর করে ৪৬তম হয়েছেন। টেবিল টেনিসে নারীদের দলগত লড়াইয়ে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোনাম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে হেরেছেন ইয়েহ ই-তিয়ানের কাছে। নওরীন সুলতানা মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে হেরেছেন চেং ই-চিংয়ের কাছে।
পেং ইউ-হানের কাছে সামান্তা তুশি ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে হেরেছেন। পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের বিপক্ষেও বাংলাদেশ পাত্তা পায়নি- হেরেছে ৩-০ সেটে। মুহতাসিন হৃদয় ১১-৫, ১১-৪, ১১-৪, ইমরুল ইমন ১১-৪, ১১-৭, ১১-৯ এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে হেরে গেছেন। কারাতে ছেলেদের ৬০ কেজি ওজন বিভাগের ব্যক্তিগত কুমিতে প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের সিয়াম হোসেন। ম্যাচ হারতে হয়েছে ৫-০ ব্যবধানে।
