প্রথমবার বিদেশি লীগে আকবর ও আরিফুল

ফন্ট সাইজ:

নেপালের ঘরোয়া ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লীগ এনপিএলের (নেপাল প্রিমিয়ার লীগ) তৃতীয় সংস্করণ মাঠে গড়াবে ২৬শে অক্টোবর থেকে ২১শে নভেম্বর। এ আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে ভেড়ায় কর্নালি ইয়াকস। একই দলে খেলবেন আরিফুল ইসলাম। দু’জনেই প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগে খেলবেন। এর আগে এবারের আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি চুক্তিতে এনপিএলে নাম লেখান সাকিব আল হাসান। তাকে দলে নেয় পোখরা অ্যাভেঞ্জারস। এছাড়াও আরো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার এনপিএলে নাম নিবন্ধন করেছেন।

আকবরকে দলভুক্তির খবরটি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কর্নালি ইয়াকস। তাদের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি টুকটুকের পেছনের আসনে যুব বিশ্বকাপ ও এনসিএল টি-টোয়েন্টির শিরোপা হাতে বসে আছেন আকবর, তখন তার মুখ দেখানো হয়নি। এরপর দেখানো হয় তার ব্যবহৃত ব্যাট ও কিপিং গ্লাভস, আর সবশেষে পর্দায় ভেসে ওঠে আকবরের মুখ। তবে এনপিএলে আকবরের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশে হবে এনসিএল টি-টোয়েন্টি। এর আগে ১৭ই নভেম্বর শেষ হবে জাতীয় লীগের শেষ রাউন্ডের খেলা। তার আগে রংপুরের অধিনায়ক আকবর পাড়ি জমাতে পারেন নেপালে। ডিসেম্বরের শুরুতে এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়ালে আকবর কোথায় খেলবেন সেটা নিয়ে দ্বন্দ্বে থাকতে হচ্ছে। এনপিএলের তৃতীয় আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। টুর্নামেন্টে মোট ৩২টি ম্যাচ মাঠে গড়াবে। ২৬শে অক্টোবর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স এবং গত আসরের রানার্সআপ সুদূরপশ্চিম রয়্যালস মুখোমুখি হবে।