চার দিনে টানা দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ছেন রাফিনহা

চার দিনে টানা দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ছেন রাফিনহা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে হান্সি ফ্লিকের অধীনে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখলো বার্সেলোনা। রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে স্বাগতিক সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে মৌসুমে টানা অষ্টম জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। চার দিনের মধ্যে ব্রাজিলের অধিনায়ক রাফিনহার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে লা লিগা টেবিলে ছয় পয়েন্টের শক্ত নিলো নিল শিরোপাধারীরা।

সেভিয়ার মাঠে ম্যাচের শুরুতেই লিড নিতে পারত বার্সেলোনা। তবে ৮ মিনিটে লামিন ইয়ামালের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। উল্টো ১৯ মিনিটে ফেলিক্স কোররেয়ার ক্রসে দুর্দান্ত হেডে ইউসুফ ফোফানা গোল করে সেভিয়াকে এগিয়ে দেন।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সা। ২২ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনসনের ডিফেন্সচেরা পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার নিচু শটে দলকে সমতায় ফেরান রাফিনহা। বিরতির ঠিক আগে রদ্রির দুর্দান্ত ট্যাকলে দ্বিতীয় গোল হজম করা থেকে রক্ষা পায় বার্সেলোনা। এদিন গ্লাভস হাতে বার্সার হয়ে অভিষেক হয় দমিনিক লিভাকোভিচের।

দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বার্সেলোনা। ৫২ মিনিটে ইয়ামালের মাপা ক্রসে ছয় গজ বক্সের মাথা থেকে নিখুঁত হেডে বল জালে পাঠান রাফিনিয়া। ৬৪ মিনিটে কর্নার থেকে অলিম্পিক গোলের সুযোগ মিস করলেও ৬৯ মিনিটে নিজের স্মরণীয় ‘পারফেক্ট হ্যাটট্রিক’ (ডান পা, মাথা ও বাঁ পা) পূর্ণ করেন এই সেলেসাও তারকা। ইয়ামালের চমৎকার থ্রু বল ধরে গোলকিপার ভ্লাকোদিমিসকে বোকা বানিয়ে নিজের তৃতীয় গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রেসিং সান্তানদেরের বিপক্ষে ৭-২ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করার পর চার দিনের ব্যবধানে ফের ৩ গোল করে স্বপ্নের ফর্মে রয়েছেন রাফিনহা। চলতি মৌসুমে ৮ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে, এর মধ্যে লা লিগাতেই ৭ ম্যাচে ১২ গোল। বার্সেলোনার ইতিহাসে প্রথম ৭ লীগ ম্যাচে তার চেয়ে ভালো বা সমান সূচনার নজির রয়েছে কেবল ৮৩ বছর আগের মারিয়ানো মার্টিনের। ২০১৫ সালে লুইস সুয়ারেজের পর বার্সার হয়ে প্রথম ‘পারফেক্ট’ হ্যাটট্রিকের কীর্তিও গড়লেন তিনি।

এই জয়ে ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৮ ম্যাচের সবকটি জিতে মোট ৩৬টি গোল করেছে ফ্লিকের শিষ্যরা।