দেশের বর্তমান পরিস্থিতিতে সকল প্রকার যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এসব নির্দেশনা দেয়া হয়।
সাইফুল আলম বলেন, যেকোনো অনাকাঙিক্ষত ক্ষতিসাধন বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোন অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না। তিনি আরও বলেন, সকল প্রকার যানবাহন দৈনিক চলাচল শেষে বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার জন্য দেশের সকল স্তরের মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি।
