রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সাততলা থেকে নিচে পড়ে আল-আমিন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কাজলা ৫/এ টাঙ্গাইল হাউজে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আলামিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার দরিয়াপুর গ্রামে।
নিহত আল-আমিনের ভাই শিহাব বলেন, আমার ভাই পেশায় রাজমিস্ত্রি। দুপুর ১২টার দিকে দক্ষিণ কাজলা ৫/এ টাঙ্গাইল হাউজের ৭ তলা ভবনের উপরে বাইরে বাঁশের মাচালের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
