গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০)। নিহতদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সরিয়ে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। জানা যায়, নিউ বলেশ্বর নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি গজারিয়ার জামালদি এলাকার মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাওয়ার জন্য মহাসড়কে উঠছিল। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের একটি কাটা অংশ দিয়ে পার হয়ে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করে। তখন চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারটিকে রক্ষা করতে গিয়ে বাসটিও সড়কে উল্টে পড়ে। এ সময় প্রাইভেটকারের চালকসহ চারজন ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গতকাল দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর আসে। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দু’টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মুহাম্মদ সফিকুল ইসলাম আরও বলেন, পরে আহতদের উদ্ধার করে হামদর্দ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গজারিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, প্রাইভেটকারটি উল্টো পথে ছিল। সেখান থেকে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌?ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।