হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে নিশ্চিত হামে আরেক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০১ জনে। সেইসঙ্গে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। এ সংক্রান্ত মৃতের সংখ্যা পৌঁছালো ৯৫২ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম-সংক্রান্ত নিয়মিত বার্তায় এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে চারজন মারা গেছে। এ নিয়ে গত ১০ই এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩ জনে। এ ছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। একইসঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ই এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৪ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দু’জন মৃত্যুবরণ করেছে। সেইসঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।