টি-টোয়েন্টিতে ১৫ হাজারি ক্লাবের ‘ফার্স্টবয়’ বাটলার

টি-টোয়েন্টিতে ১৫ হাজারি ক্লাবের ‘ফার্স্টবয়’ বাটলার

ফন্ট সাইজ:

কাইরন পোলার্ডকে মাত্র এক রানের দূরত্বে আটকে রেখে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়লেন এই ইংলিশ তারকা। এক সপ্তাহ আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আর মাত্র ১১ রান করলেই ১৫ হাজারি ক্লাবে প্রবেশ করতে পারতেন পোলার্ড। তবে ১০ রানে আউট হয়ে ১৪,৯৯৯ রানে থমকে যান এই ক্যারিবিয়ান কিংবদন্তি। সিপিএলে তার দলের অভিযান শেষ হয়ে যাওয়ায় পোলার্ডের অপেক্ষা দীর্ঘায়িত হয়। এই সুযোগটাই পূর্ণ কাজে লাগান বাটলার।

শ্রীলঙ্কা সিরিজের আগে ১৫ হাজার রান থেকে ১১০ রান দূরে ছিলেন তিনি। প্রথম ম্যাচে ৪৪ বলে ৮০ রান করার পর কার্ডিফে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন জয়ের লক্ষ্য নিয়ে। কার্ডিফে শ্রীলঙ্কার দেয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে আউট হন বাটলার। ততক্ষণে রেকর্ড হয়ে গেছে। আন্তর্জাতিক ও স্বীকৃতিপ্রাপ্ত সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। পোলার্ডকে (৬৭১ ইনিংসে ১৪,৯৯৯) পেছনে ফেলে সর্বোচ্চ রানের চূড়ায় ওঠেন তিনি। ৪৯৭ ইনিংসে এই রেকর্ড গড়েন বাটলার, যার মধ্যে ওপেনার হিসেবে ২২৭ ইনিংসেই করেছেন ৮,১৪২ রান। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক সতীর্থের বিষয়ে বলেন, ‘অবিশ্বাস্য পরিসংখ্যান। ধারাটা দীর্ঘদিন অব্যাহত থাকুক। ১৫ বছর ধরে তিনি অবিশ্বাস্য পারফর্ম করে যাচ্ছেন।

মাঠে এবং সব সময় পাশে পাওয়ার মতো একজন মানুষ। ড্রেসিংরুমে তাকে এখনো পাওয়াটা দারুণ ব্যাপার।’ বাটলারের রেকর্ড গড়ার রাতে টম ব্যান্টনের ২৪ বলে অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংসে ৪৭ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড। এর আগে লিয়াম ডসনের ৩২ রানে ৩ উইকেটের বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৪৫ রানেই আটকে ফেলে স্বাগতিকরা। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের দল। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৫৩১ ইনিংসে ১৪,৫৮১ রান নিয়ে তিন নম্বরে আছেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস।
৪৫৫ ইনিংসে ১৪,৫৬২ রান নিয়ে চারে ক্রিস গেইল এবং ১৪,২৮৪ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার।