পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

ফন্ট সাইজ:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনের বেশি।
খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডনের।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে সহযোগিতা করছেন।
আইজি হামিদের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, কোহাট পুলিশ লাইনের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হয়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ভবনটিতে ধাক্কা দিয়েছে।

তবে পরবর্তীতে দেয়া বিবৃতিতে আইজি জানান, স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে থাকা বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়।

জুলফিকার হামিদ বলেন, ‘ফিতনা-উল-খাওয়ারিজকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’ তিনি আরও বলেন, পুলিশের মনোবল অটুট রয়েছে।

‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ব্যবহার করে।

এদিকে, কেপির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তার দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা ‘গভীরভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য’।

তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কেপির গভর্নর ফয়সাল করিম কুন্দিও বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ।