ফিলিপাইনে স্কুলে অতর্কিত গোলাগুলি, নিহত ৩

ফিলিপাইনে স্কুলে অতর্কিত গোলাগুলি, নিহত ৩

ফন্ট সাইজ:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও প্রদেশের বাঙ্গা এলাকায় একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। নিহতদের মধ্যে দুজন ১৪ বছর বয়সী শিক্ষার্থী।

বিবিসিকে বাঙ্গার মেয়র অ্যালবার্ট পালেনসিয়া জানান, নিহত হামলাকারীর বয়স ১৬ বছর। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার দুপুরের পর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে।

ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

দেশটির শিক্ষা বিভাগ আরও বলেছে, ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্সকে মেয়র পালেনসিয়া জানান, শুক্রবার দুপুরের খাবারের সময় ওই বন্দুকধারী তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল। সে জানিয়েছিল, দুপুরের খাবারের পর সে তার ‘পরিকল্পনা বাস্তবায়ন’ করবে।
পালেনসিয়া বলেন, ওর বন্ধুরা হেসেছিল, কারণ হামলাকারী সাধারণত রসিকতা করত।

তিনি জানান, দুপুরের খাবারের পর ওই কিশোর শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। হামলায় ১০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার পর সে নিজেও আত্মহত্যা করে।

হামলার ঘটনায় বাঙ্গা পৌরসভার সব স্তরের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

ফিলিপাইন রেড ক্রস জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে তারা হামলার খবর পায়। এরপর জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার তদন্ত শুরু করেছে।