নির্ধারিত সূচিতেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম

ফন্ট সাইজ:

ক্লাবগুলোর নানা আপত্তি ও সূচি পরিবর্তনের দাবির মুখেও সিদ্ধান্ত পাল্টায়নি পেশাদার ফুটবল লীগ কমিটি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল) দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। লীগ শুরুর দিনে মাঠে গড়াবে পাঁচটি ম্যাচ। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আবাহনী লিমিটেড। কিংস অ্যারেনায় ফর্টিস এফসির প্রতিপক্ষ নবাগত চট্টগ্রাম এফসি। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ এফসির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। চাঁদপুরে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। গোপালগঞ্জে আরেক নবাগত দল সিটি ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রথম রাউন্ডে খেলা নেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। জাতীয় দল ১৯শে সেপ্টেম্বর আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছে এবং ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফিফা উইন্ডো। এই ব্যস্ত সময়সূচির মধ্যেই লীগের দুটি রাউন্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে লীগ কমিটি। ফলে জাতীয় দলের ফুটবলারদের ছাড়া লীগ মাঠে গড়াতে যাচ্ছে।

গত মৌসুমে বিএফএলের শিরোপা জেতে বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লীগ শেষ করে তারা। ৪ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় আবাহনী। লীগের পাশাপাশি গত মঙ্গলবার ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। যে টুর্নামেন্ট শুরু হবে ২২শে সেপ্টেম্বর থেকে।