হ্যাটট্রিকের কথা ভুলে গিয়েছিলেন খালেদ আহমেদ

হ্যাটট্রিকের কথা ভুলে গিয়েছিলেন খালেদ আহমেদ

ফন্ট সাইজ:

কাউন্টি ক্রিকেটে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন খালেদ আহমেদ। একটুর জন্য হয়নি। প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারের সব ব্যাটার আউট হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে সে সুযোগ এসেছিল। উইকেট ঠিকই পেয়েছেন খালেদ, কিন্তু দ্বিতীয় বলে। এক বলের জন্য ইতিহাস গড়া হলো না এ ডানহাতি টাইগার পেসারের। অবশ্য হ্যাটট্রিক করার কথা নাকি খালেদের মনে ছিল না। দ্বিতীয় দিনের খেলা শেষে খালেদ বলেন, “হ্যাটট্রিকের কথা আমি ভুলেই গিয়েছিলাম। একজন আমাকে বললো, ‘তুমি হ্যাটট্রিকটা মিস করলে।’ অবশ্যই আমি হ্যাটট্রিক চাইতাম, কিন্তু সব মিলিয়ে খুশি। সবাই আমার বোলিংয়ের প্রশংসা করছে। আমি খুশি।” খালেদের খুশি না হওয়ার কোনো কারণ নেই। ল্যাঙ্কশায়ারের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার কেন্টের হয়ে খেলতে নেমে খালেদ নেন ৮ উইকেট। প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট।

সুযোগ ছিল প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টিতে এক ম্যাচে ১০ উইকেট নেয়ার। তবে সেটি হয়নি। একই দলে খালেদের জাতীয় দলের সতীর্থ পেসার হাসান মাহমুদ খেলে দেশে ফিরে এসেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে দেশে ফেরায় বিসিবি। হাসানের অনুপস্থিতিতে বল হাতে বড় দায়িত্ব ছিল খালেদের। সেটি ঠিকঠাক পালন করেন ডানহাতি এ পেসার। ম্যাচের নিজের বোলিং পরিকল্পনা জানিয়ে খালেদ বলেন, ‘আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। এই প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করেছি। প্রথম স্পেল ধীরগতির ছিল, তবে লাঞ্চের পর গতিটা বেড়েছে। আমরা জুটিতে বোলিং করছিলাম, এরপর উইকেট এসেছে। হাসানকে মিস করছি। সে অবশ্য একটা ভিডিও পাঠিয়ে আমাকে শুভকামনা জানিয়েছে।’ প্রথম ইনিংসে ১৬১ রান করা ল্যাঙ্কশায়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯২ রানে। কেন্ট প্রথম ইনিংসে ৬৩ রানের লিড নেয়ায় জয়ের জন্য চতুর্থ ইনিংসে পায় ১৪০ রানের লক্ষ্য।