গ্লাসগোতে বাংলাদেশিকে বেধড়ক মারধর, চিৎকারেও এগিয়ে এলো না কেউ

গ্লাসগোতে বাংলাদেশিকে বেধড়ক মারধর, চিৎকারেও এগিয়ে এলো না কেউ

ফন্ট সাইজ:

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের কেন্দ্রে এক বাংলাদেশি যুবককে নাক ও মাথায় উপর্যুপরি ঘুষি মারার অভিযোগ উঠেছে। ২৭ বছর বয়সী ইফতেখার উল-ইসলামের অভিযোগ, তার ওপর এই হামলা বর্ণবাদীমূলক।

গ্লাসগোলাইভের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ইফতেখার হামলার সময় সাহায্যের জন্য চিৎকার করেন। তবে তাকে সাহায্য করার জন্য আশপাশের কেউ এগিয়ে আসেনি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাজে যাওয়ার আগে স্যানসবেরিজের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন ইফতেখার। এ সময় এক অপরিচিত স্কটিশ ব্যক্তি তার কাছে সিগারেট চান। সিগারেট না থাকায় ওই ব্যক্তি পানীয় কিনে দিতে বলেন। সে সময় ইফতেখার নগদ টাকা নেই জানালে লোকটি আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ইফতেখারের ভাষ্য, তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তি পেছন থেকে তার ব্যাকপ্যাক ধরে নাক ও মাথায় ঘুষি মারতে থাকেন। এতে তার রক্তপাত শুরু হয় এবং মাথা ঘুরতে থাকে।

তিনি বলেন, আমি সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম।

হামলার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা জানান, তার নাকের হাড় সরে গেছে। ইফতেখার বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে এবং তা স্কটল্যান্ডের পুলিশকে দেয়া হবে।
তিনি আরও বলেন, আমি কোনো অবৈধ অভিবাসী নই, আমি কর দিই।

এদিকে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা ৫৫ মিনিটে সাকি হল স্ট্রিট এলাকায় এক ব্যক্তিকে হামলার খবর তারা পেয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

গ্লাসগোতে সাম্প্রতিক অভিবাসনবিরোধী ও ডানপন্থী বিক্ষোভের পর এ ঘটনা ঘটল।